জীবননগরে তীব্র শীতে চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার উথলী গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জুড়োন (৬২) ও গঙ্গাদাসপুর গ্রামের ইসলাম উদ্দিন কবিরাজ (৬৫), এবং রবিবার সকালে ধোপাখালী গ্রামের নজরুল ইসলাম (৭০) ও তেতুলিয়া গ্রামের ছমিরন নেছা (৭৫) শীতজনীত রোগে মারা গেছে বলে তাদের পারিবারিক সূত্র জানিয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। রবিবার উপজেলায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত শুক্রবার থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহের কারণে উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শৈত্যপ্রবাহের প্রভাবে গত ৩ দিনে জীবননগরের আকাশে খুব একটা সূর্যের দেখা মেলেনি। মাঝে মধ্যে দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। এ কারণে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। দিন দিন তাপমাত্রা আরো কমে যাওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি।
ইত্তেফাক/ইউবি