কোচের ভাবনায় এখন বিশ্বকাপ বাছাই

সোহেল সারোয়ার চঞ্চল

এবছরই ফিফা ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের আঞ্চলিক বাছাইয়ের খেলা শুরু হয়ে যাবে। বাংলাদেশ প্রাক বাছাইয়ে খেলবে। খেলা হবে আগামী জুনে। জেমি ডে জানিয়েছেন ৫ এবং ১১ জুন হোম এন্ড অ্যাওয়ের খেলাটি হবে। ১৭ এপ্রিল ড্র হলে জানা যাবে বাংলাদেশের প্রতিপক্ষের নাম। বুধবার গভীর রাতে অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল বাহরাইন হতে ঢাকায় ফিরেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ফুটবলারদের ক্লাব টেন্টে পৌঁছাতে প্রায় ভোর। বৃহস্পতিবার সারাদিন বিশ্রামে সময় গেছে। বাহরাইন সফর নিয়ে বাফুফেতে গতকাল বিকালে হঠাত্ ডাকা সংবাদ সম্মেলনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল পারফরম্যান্স নিয়ে কথা বলেন কোচ জেমি ডে, সঙ্গে গোলকিপার কোচ এবং ম্যানেজার সত্যজিত দাস রুপু। কোচ কর্মকর্তারা মনে করছেন, কাতারে গিয়ে ১০ দিনের ক্যাম্প করে বাহরাইনে অনূর্ধ্ব—২৩ ফুটবল দল তিনটি ম্যাচেই প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে। নিজেদের গ্রুপে দুই  ম্যাচে ২ গোল হজম করে শেষ খেলায় জয় পেয়েছে ২ গোলে। 

এএফসির বাছাই শেষ। এবার কাতার ২০২২ বিশ্বকাপ কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের খেলা হবে জুনে। বাংলাদেশ খেলবে প্রাক বাছাই। জেমি জানিয়েছেন একটি খেলা হবে। জিতলে দ্বিতীয় পর্বে যাবে, না হলে বিদায়। জেমির এখন দুর্ভাবনা প্রথম বাছাইয়ের প্রতিপক্ষ কে তা নিয়ে। তার আশঙ্কা,‘সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা এধরনের শক্তিশালী দেশ হতে পারে। এমন হলে জয় পাওয়াটা কঠিন।’ বাকি কথাটা জেমি সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি। পরে সৌজন্য আলোচনায় যা উঠে আসলো তা বাস্তব সম্মত হলেও আশঙ্কা ছাড়ায়। যদি তাই হয় এক ম্যাচ খেলতে হবে। আর এক ম্যাচ খেলে হেরে গেলেই বিদায়, ফিফার ফরম্যাটটাই এভাবেই করা হয়েছে।

বিশ্বকাপের বাছাইয়ের কথা আগে থেকেই জানা বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির। তারপরও এই কমিটি জাতীয় দল নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেনি কেন? সংবাদ মাধ্যমের এমন প্রশ্নে দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু জানিয়েছেন, তারা প্রস্তুতির মধ্যেই রয়েছেন। তিনি বলেন, ‘লিগের খেলা চলবে। জাতীয় দলের প্রস্তুতিও চলবে। কিভাবে হবে সেটি নিয়ে ম্যানেজমেন্ট কমিটির মধ্যে আলোচনা হবে।’

কোচ জেমি আজ ঢাকা ছাড়বেন। দুই সপ্তাহ পর ফিরে প্রিমিয়ার লিগের খেলা দেখবেন। ২৬ এপ্রিল জাতীয় দলের প্রস্তুতি শুরু করতে চান তিনি। সেটা হবে কিনা জানা নাই। তবে ম্যাচের আগে মাত্র ১০ দিনের অনুশীলন যথেষ্ট না সেটা বুঝতে পারছেন বৃটিশ এই কোচ। বলেছেন, ‘খেলোয়াড়রা যদি ৫-৬ সপ্তাহ ফিটনেস ক্যাম্প করে তখন ১০ দিনের অনুশীলনে একটি জাতীয় দল ম্যাচ খেলতে পারে।’

অনেক দেশ ফিফার প্রীতি ম্যাচের বাইরেও নিজেরা দুই দেশের মধ্যে প্রীতি ম্যাচ খেলছে। বাংলাদেশ সেটি পারেনি। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি কম্বোডিয়ার বিপক্ষে এক ম্যাচের ব্যবস্থা করেছিল ৯ মার্চ। জুনে বিশ্বকাপের প্রাক বাছাইয়ের আগে বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। 

আগামী মে মাসে বাংলাদেশ ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডের এক বছর মেয়াদ শেষ হবে। বছর শেষ হতে চলল। আক্ষেপ আছে তাঁর। কারণ তিনি এসেই বলেছিলেন তার প্রথম লক্ষ্য ফিফার র্যাংকিংয়ে ১৮০র ভেতরে থাকা। সেটি হয়নি।