রাহুল গান্ধীর সঙ্গে দুইবার বৈঠকের পরে কংগ্রেসে যোগ দিয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া নভোজিত সিং সিধু। পাঞ্জাব রাজ্যে স্থানীয় নির্বাচনের আগে সিধুর কংগ্রেসে যোগ দেয়া দলটির জন্য বেশ ইতিবাচক প্রভাবক হিসেবে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
৫৮ বছর বয়সী সিধু গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন দল বিজেপি থেকে পদত্যাগ করেন। তখন তিনি অভিযোগ করেছিলেন, তাকে দলে গুরুত্ব দেয়া হচ্ছে না। রবিবার দুপুরে বিগত চারদিনে রাহুল গান্ধীর সঙ্গে দ্বিতীয়বার বৈঠকের সময়ে তিনি কংগ্রেসে যোগ দেয়ার কথা জানান। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা তৎক্ষণাৎ টুইটারে জানান, ভারতীয় জাতীয় কংগ্রেস এস নভোজিত সিং সিধুকে স্বাগত জানাচ্ছে এবং সমমনা রাজনীতিবিদদের কংগ্রেসের ছাতার নিচে নিয়ে আসার জন্য ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীজিকে ধন্যবাদ।
বিজেপি থেকে সিধুর পদত্যাগের কারণ ছিল তাকে অমৃতসর আসন থেকে মনোনয়ন বিষয় নিয়ে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সেই আসনে সিধু এখন কংগ্রেসের হয়ে নির্বাচন করবেন। তার স্ত্রী নাভজোত কৌরও কোনো একটা আসন থেকে কংগ্রেসের হয়ে নির্বাচন করতে পারেন। আগামী ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিগত ১ দশক ধরে পাঞ্জাবে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি কংগ্রেস। সেখানে সরকার গঠনে জোর প্রচেষ্টা চালাচ্ছে দলটি।
ইত্তেফাক/এসএসএ