শুরু হয়েছে ২৪তম জাতীয় জুনিয়র কুস্তি

বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কেএন হার্বার ২৪তম জাতীয় জুনিয়র (বালক ও বালিকা) কুস্তি প্রতিযোগিতা।
 
রবিবার শহীদ (ক্যাপ্টেন) এম এ মুনসর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কেএন হার্বার কনসোর্টিয়ামের চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী  মোস্তাক।
 
এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট এ. কে. এম সামসুজ্জামান, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদসহ অন্যান্যরা। প্রতিযোগিতার প্রথম দিনে সকল ওজন শ্রেনীর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
IMG0
এবারের প্রতিযোগিতায় বালক (১৮-২০বছর) গ্রুপে ৪৬-৫০ কেজি, ৫৫, ৬০, ৬৬, ৭৪, ৮৪, ৯৬, ও ৯৬-১২০ কেজি ওজন শ্রেনীতে এবং বালিকা (১৮-২০বছর) গ্রুপে ৪০-৪৪ কেজি, ৪৮, ৫১, ৫৫, ৫৯, ৬৩, ৬৭ ও ৭২ কেজি ওজন শ্রেনীতে প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেশের ২১টি জেলা ক্রীড়া সংস্থা থেকে মোট ১৬টি ওজন শ্রেনীতে ৯১জন ছেলে ও ৬৩জন মেয়েসহ মোট ১৫৪জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। 
 
সোমবার শেষদিনে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
 
ইত্তেফাক/এমএইচ