বাগেরহাট অনেক বেশি পর্যটন সম্ভাবনাময় : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাগেরহাট অনেক বেশি পর্যটন সম্ভাবনাময়। এখানে পর্যটনের জন্য কিছু করা যেতে পারে। 
 
রবিবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জেলার সার্বিক উন্নয়ন ও সম্ভাবন সম্পর্কে তিনি এ কথা বলেন। 
 
অর্থমন্ত্রী বলেন, বাগেরহাটে দুটি বিশ্ব ঐতিহ্যের শহর। এখানে রয়েছে খানজাহান (রহ.) এর মাজার। তিনি একদিকে ছিলেন শাসক, অন্যদিকে ছিলেন আধ্যাত্মিক ব্যক্তি। তার নির্মিত ষাটগম্বুজ মসজিদ বিশ্বের অন্যতম সুন্দর একটি প্রাচীন মসজিদ। ষাটগম্বুজ ও সুন্দরবনকে ঘিরে এই এলাকায় পর্যটন শিল্প বিকশিত হতে পারে। 
 
তিনি বলেন, বাগেরহাট জেলা কৃষিপ্রধান এলাকা। মাছের জন্যও কম বিখ্যাত নয়। এখানে আগে থেকেই খুব ভাল মাছ পাওয়া যায়। এই অঞ্চলে এখন অনেক বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে যা,  এখানকার অর্থনীতিকে গতিশীল করবে। 
IMG0
বর্তমান সরকারের সময়ে মোংলা বন্দরের অগ্রযাত্রার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বন্দর হিসাবে মোংলার উন্নতি হচ্ছে। মোংলা বন্দর এক সময় দূরবস্থায় পড়ে গিয়েছিল। আমাদের সময়ে আবারও বন্দর অগ্রযাত্রার ধারায় ফেরায় আমি খুশি।’
 
তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর, মোংলা ইপিজেড ছাড়াও রামপাল ও মোংলাকে ঘিরে অনেক শিল্প-কারখানা গড়ে তোলার সরকারি-বেসরকারি কর্মকাণ্ড চলছে। এগুলো সবই আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখবে। রামপাল বিদ্যুৎ প্রকল্পকে তিনি এই অঞ্চলে জন্য একটি ‘পাওয়ার হাব’ হিসাবে অবিহিত করেন।
 
এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত পটুয়াখালী থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের রামপালে আসেন। সেখানে তিনি বাস্তবায়নাধীন রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প এলাকা (বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড) পরিদর্শন করেন। পরে তিনি মোংলা যান এবং মোংলা বন্দর পরিদর্শন করেন। পরে তিনি বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে মতবিনিময় করেন। 
 
ইত্তেফাক/ইউবি