হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিতে তদারকি জোরদার : স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে এসে রোগীরা যেন ফেরৎ না যায় সেলক্ষ্যে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
 
তিনি বলেন, সবার আগে রোগীর সেবার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। সরকার সারাদেশের হাসপাতালগুলোর সংস্কার করেছে, শয্যা সংখ্যা বাড়িয়েছে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করেছে। পাশাপাশি নতুন নতুন বিশেষায়িত হাসপাতালও নির্মাণ করা হচ্ছে। 
 
আজ রবিবার রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে যক্ষা নির্মূলের পথে। ইতোমধ্যে বাংলাদেশকে পেলিও এবং ধনুষ্টংকার মুক্ত ঘোষণা করা হয়েছে। যক্ষ্মা নিয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরকে আরো নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যক্ষ্মা নির্মূলে সরকারের উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য তিনি আহ্বান জানান।
 
হাসপাতালগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পুনরায় নির্দেশ দিয়ে তিনি বলেন, হাসপাতালের সামনে কোন অবৈধ দোকান যেন না বসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে কোন শৈথিল্য মেনে নেয়া হবে না। হাসপাতালের ভিতরেও রোগীর সেবা উপযোগী পরিবেশ বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কাজ করতে তিনি পরিচালকদের নির্দেশ দেন। 
 
ইত্তেফাক/এমআই