স্পোর্টস ডেস্ক
শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা আরো চার বছর এশিয়ান ফুটবলের দেখভালের দায়িত্ব পেতে যাচ্ছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি নির্বাচনে তার শেষ প্রতিদ্বন্দ্বীও সরে দাঁড়ানোয় আরো এক মেয়াদে থাকছেন শেখ সালমান।
কাতারের সাউদ আল মোহান্নাদি গত বৃহস্পতিবার আঞ্চলিক এ ফুটবল সংস্থার শীর্ষ পদের লড়াই থেকে সরে দাঁড়ান। শুধু তাই নয় তিনি একই সাথে সমর্থন দেন বাহরাইনের শেখ সালমানকেই। এর আগে পদটির লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ খালফান আল রোমাইথি।
এএফসির বর্তমান সভাপতি শেখ সালমান এর আগে জানিয়েছিলেন ৪৭ সদস্যের এশিয়ান ফুটবলের নিয়ামক সংস্থাটিতে ৪০ দেশের সমর্থন আছে তার। আজ শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কংগ্রেসে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হবেন।
এর ফলে তিনি ২০২৩ সাল পর্যন্ত এশিয়ান ফুটবলের দায়িত্বে থাকবেন। ২০১৩ সালে তখনকার সভাপতি মোহাম্মদ বিন হাম্মামকে ফিফা সকল প্রকারের ফুটবল দায়িত্ব থেকে নিষিদ্ধ করলে প্রথম এ দায়িত্বে আসেন বাহরাইনের রাজপরিবারের সদস্যটি।