ঢাবিতে 'আইসিটি ফর এসডিজি' শীর্ষক বৈঠক অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে কৃতিত্বপূর্ণ সাফল্য দেখিয়েছে।'
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এমডিজি) অর্জনের অক্সিজেন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে এসডিজির ১৭ টি লক্ষ্যমাত্রা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।'
 
এ সময় ড. আরেফিন সিদ্দিক এসডিজি-কে অগ্রাধিকার দিয়ে বছরব্যাপী কার্যক্রম গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
 
গোল টেবিলে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের সবচেয়ে বড় বাধা প্রয়োজনীয় তথ্যের অভাব। এসডিজির ২৩০টি নির্দেশকের মধ্যে ১০৮টিরই কোন তথ্য আমাদের কাছে নেই।এক্ষেত্রে তথ্য-প্রযুক্তি বিশেষ ভূমিকা রাখতে পারে। 
আলোচকরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে এসডিজি বিষয়টিকে অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
 
বৈঠকের আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভার্চুয়াল ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ক্লাস পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশিদ। -বাসস।
 
ইত্তেফাক/এসএস