ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করছে একদা জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের মেয়ে মনি বেগম। লংলা সুলতানপুর কিশোরী ট্রাস্ট ক্লাবের একজন নেত্রী হিসেবে দরিদ্র রিক্সাচালকের মেয়ে মনি বেগম গত বছরের ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে বাংলাদেশের শিশু অধিকার নিয়ে জাতিসংঘে বক্তব্য রাখে। সেসময় সে বাংলাদেশের ক্যাম্পাস টু ক্যারিয়ার কর্তৃক ‘ইয়থ অ্যাওয়ার্ড ২০১৬’ শীর্ষ দশের একজন নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। গত ৩ জানুয়ারি আকস্মিক ভূমিকম্পে এই মেধাবী শিক্ষার্থীর মাটির ঘরের জরাজীর্ণ দেয়ালের একটি অংশ সম্পূর্ণরূপে ধসে পড়ে এবং অবশিষ্ট ৩টি দেয়ালে মারাত্মক ফাটল দেখা দেয়। এই অবস্থায় কাপড় দিয়ে কৃত্রিম বেড়া তৈরি করে ঝুঁকিপূর্ণ এই ঘরে মনি বেগম তার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্য বসবাস করছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হেলে পড়া একটি দেয়ালে বাঁশের ঠেকা লাগিয়ে রাখা হয়েছে। মনির বাবা মহরম আলী জানান, অর্থাভাবে ঘরটি মেরামত করা সম্ভব হচ্ছে না, যেকোনো মুহূর্তে অবশিষ্ট দেয়াল ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। মনি বেগম জানায়, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোঃ গোলাম রাব্বি গত ৮ জানুয়ারি এসে ক্ষতিগ্রস্ত ঘর দেখে গেছেন। সে আরো জানায়, শীতে বাইরের বাতাসে রাত্রে ভালোভাবে ঘুমানো যায় না, সব সময় ভয় ও আতঙ্কের মধ্যে থাকি।
উল্লেখ্য, মনি বেগম বর্তমানে লংলা আধুনিক মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী।
ইত্তেফাক/এএন