নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ডের থেকে এগিয়ে থাকা বাংলাদেশ বড় ধরণের দুর্ভাগ্যের শিকার হয়েছে দ্বিতীয় ইনিংসে।
প্রথম ইনিংসে বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। কিন্তু দ্বিতীয় ইনিংসে বেশ ভালভাবেই শুরু করে তামিম ইমরুল। ৪৬ রানের পার্টনারশিপ গড়ে তারা। এরপর থেকেই দুর্ভাগ্যের শুরু। রান নিতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়েন ইমরুল। এরপর একে একে নিজেদের উইকেট বিলিয়ে আসেন তামিম, মাহমুদুল্লাহ ও মেহদী হাসান মিরাজ। ফলে চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
তারপরও টেস্টের শেষ দিনে মমিনুল হক, মুশফিক ও সাকিবকে নিয়ে আশা ছিল ভাল কিছু করার। কিন্তু তা পূরণ করতে ব্যর্থ হন সাকিব ও মুমিনল। শেষ দিন প্রয়োজনীয় সময় ক্রিজে টিকে থাকতেও ব্যর্থ হয় তারা। মমিনুল ও সাকিব উভয় হয়েছেন ক্যাচ আউট। অন্যদিকে মুশফিক সাব্বিরকে সঙ্গে নিয়ে ১৬.১ ওভার বেশ ধীরস্থির ভাবে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা করেন মাত্র ১৮ রান। কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছিল না বাংলাদেশের। আর সে কারণেই সাউদির একটি বলের বাউন্স ঠিক মত পরিমাপ না করতে পেরে আঘাত পান মুশফিক। এ সময় প্রায় ১২৫ কিলোমিটার/পিএস গতির একটি বল আঘাত হানে মুশফিকের বাম কানের নিচে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় অপরপ্রান্তে থাকা সাব্বির ও নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ছুটি আসেন মুশফিকের দিকে। তামিমও ছুটে আসেন। মাঠে অ্যাম্বুলেন্স প্রবেশ করে এবং রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মুশফিক।
দলের এই অবস্থায় দ্রুত রান তোলার চেষ্টা করেন সাব্বির। অপরপ্রান্তের যাওয়ার আসার মিছিলের মাঝে থেকে নিজের হাফসেঞ্চুরি সম্পন্ন করে ফেলেন তিনি। কিন্তু বোল্টের বলে ক্যাচ আউট হয়ে সাব্বির সাজঘরে ফিরলে বেশ দ্রুত গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। নিউজিল্যান্ডের লক্ষ্য দাড়ায় ২১৭ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে একটি ধীরে ব্যাট করে নিউজিল্যান্ড। কিন্তু মিরাজের জোড়া আঘাতে দুই উইকেট পতনের পর কেন উইলিয়ামসন ও রস টেইলর জুটি ওয়ানডে মেজাজে ব্যাট করেন। এরমধ্যে উইলিয়ামসন রীতিমত টি-২০ স্টাইলে ব্যাট করে দ্রুত লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায় নিউজিল্যান্ডকে। শেষ পর্যন্ত ৯০ বলে সেঞ্চুরি করে দলকে জয় এনে দেন তিনি। অপরপ্রান্তে থাকা রস টেইল করেন ৬০ (৭৭) রান। শেষ সময়ে শুভাশিসের বলে টেইলর আউট হলেও তাতে নিউজিল্যান্ডের জয়ে কোন সংশয়ই তৈরি হয়নি। ৭ উইকেট হাতে নিয়ে জয় পায় ব্লাকক্যাপার্সরা।
স্কোর:
বাংলাদেশ-৫৯৫/৮ (ডি.) ও ১৬০ (লিড-২১৬)
সাব্বির রহমান- ৫০ (১০১)
ট্রেন্ট বোল্ট- ৩/৫৩
নিউজিল্যান্ড-৫৩৯ ও ২১৭/৩ (ওভার ৩৯.৪)
কেন উইলিয়ামসন- ১০৪ (৯০)
মেহদি হাসান মিরাজ- ২/৬৬
ফলাফল : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
টেস্ট সিরিজ : ১-০
ইত্তেফাক/আরএ