কিরঘিজস্তানে তুরস্কের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৩২

কিরঘিজস্তানের মূল বিমানবন্দরে তুরস্কের পণ্যবাহী একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
 
ঘন কুয়াশার জেরে বিমানটি একটি জনবহুল এলাকায় ভেঙে পড়ে। স্থানীয় সময় সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
 
সংবাদসংস্থা রয়টার্স বলছে, পণ্যবাহী বোয়িং ৭৪৭ বিধ্বস্ত হলে বিমানটির চার পাইলট-সহ ২৮ জন স্থানীয় বাসিন্দা নিহত হয়েছেন। যার মধ্যে রয়েছে ছয় শিশুও।
 
আজ সকালে হংকং থেকে রওনা দেয় বিমানটি। কিরগিজ়স্তান হয়ে তা ইস্তানবুল যাচ্ছিল। সাড়ে সাতটা নাগাদ কিরগিজ়স্তানের রাজধানী বিসকেকে নামার কথা ছিল বিমানটির। আর সেখানে নামতে গিয়েই ঘটে বিপত্তি। ঘন কুয়াশায় রানওয়ের পরিবর্তে বিমানবন্দর সংলগ্ন ডাচা সু গ্রামে বিমানটি অবতরণ করতে যান পাইলট। সেখানেই ভেঙে পড়ে বিমানটি। 
 
মানস বিমানবন্দরে ভেঙে পড়া তুরস্কের পণ্যবাহী বিমানটির সঙ্গে রানওয়ের কাছে কয়েকটি বাড়ির ধাক্কা লাগে। বিমানের ধাক্কায় প্রায় ১৫টি বাড়ি ধুলোয় মিশে গেছে।
 
প্রথমে মৃতের সংখ্যা ১৫ বলে প্রশানিক সূত্রে জানানো হলেও, পরে ডেপুটি প্রধানমন্ত্রী মুহাম্মাতকালি আবুলগাজিয়েভ ঘোষণা করেন, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২।
 
মানস বিমানবন্দরে উদ্ধারকার্য শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৩২টি মৃতদেহ  উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএম