সাত খুনের রায়ে ন্যায় বিচার হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে সাত খুন মামলার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পেয়েছি। আমরা চাই দ্রুত এই রায় দ্রুত কার্যকর হোক।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে খুনের ঘটনার দায়েরকৃত মামলায় নূর হোসেনসহ ২৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।
ইত্তেফাক/এএসএস