তিন কন্যার বাবার হাতে যৌন নির্যাতনের শিকার ৫০০ শিশু

বিগত ১২ বছরে প্রায় ৫০০ শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছে তিন কন্যাসন্তানের এক বাবা! পুলিশের জেরায় নিজ মুখে এ কথা জানিয়েছে পেশায় দর্জি ৩৮ বছর বয়সী সুনীল রাস্তোগি নামের ওই ব্যক্তি।
 
সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই নাবালিকাকে যৌন হয়রানি করায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
 
পুলিশ জানিয়েছে, 'গত ১২ বছরে সুনীল রাস্তোগি দিল্লি, গাজিয়াবাদ, রুদ্রপুর এলাকার প্রায় ৫০০ শিশুকন্যাকে যৌন নির্যাতন করেছে বলে স্বীকার করেছে।'
 
পুলিশকে সুনীল জানিয়েছে, সুনীল স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৭ থেকে ১১ বছরের নাবালিকাদের ধরত। উপহার বা জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে শিশুদের অপহরণ করত এবং পরে খালি জায়গায় নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার চালাত।
 
দিল্লি পুলিশ সুনীলের বিরুদ্ধে ৬টি যৌন নির্যাতনের মামলা দায়ের করেছে। তিনটি দিল্লিতে, দুটি রুদ্রপুর ও একটি বিলাসপুরে।
 
ভারতের উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা রাস্তোগি। পঞ্চম শ্রেণি অবধি পড়াশোনা তার। ১৯৯০ সালে দর্জির কাজ করতে দিল্লি আসে সে।
 
২০০৪ সালে প্রতিবেশীর মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর চেষ্টায় সুনীল ও তার পরিবারকে ময়ূর বিহার থেকে বের করে দেওয়া হয়।
 
গত বছরের ১৩ ডিসেম্বর ১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে সুনীল। স্কুল থেকে ফেরার সময় মেয়েটির উপর অত্যাচার চালায় সে। এরপর মেয়েটির ব্যবহারে পরিবর্তন দেখে সন্দেহ জাগে তার পরিবারের সদস্যদের মধ্যে। শিশুটির দেওয়া বর্ণনা অনুযায়ী পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। এরপর ১২ জানুয়ারি একইভাবে দুটি মেয়ের অপহরণের ঘটনা সামনে আসে। গোপন সূত্রে সুনীলের ঠিকানা পেয়ে রবিবার তাকে গ্রেফতার করে পুলিশ।
 
ইত্তেফাক/এএম