দারুণ জয়ে সিরিজে ফিরলো বাংলাদেশের মেয়েরা

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো বাংলাদেশ নারী ক্রিকেট দল।  সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ।
 
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশের দলপতি রুমানা আহমেদ। ৪৯ ওভারে মাত্র ১৩৬ রান তুলতেই অলআউট হয়।
 
বাংলাদেশের ওপেনার শারমীন সুলতানা আর শারমীন আখতার ৪২ রানের জুটি গড়েন। জাতীয় দলের জার্সি গায়ে অভিষিক্ত শারমীন সুলতানা ২১ আর শারমীন আখতার ১৭ রানে বিদায় নেন। তিন নম্বরে নামা সানজিদা ইসলাম ১৬ রান করে সাজঘরে ফিরেন। দলপতি রুমানার উইলো থেকে আসে ইনিংস সর্বোচ্চ ২৮ রান।
 
উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা খেলেন ২১ রানের ইনিংস। এছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।
 
জবাবে, টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে ৩১.২ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ওপেনার লিজেল লি ৪৬ রান করেন। দলপতি ভ্যান নিকার্ক ৪২ রানে অপরাজিত থাকেন। এছাড়া আর কোনো প্রোটিয়া ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
 
বাংলাদেশের হয়ে খাদিজাতুল কুবরা ১০ ওভারে ৩৩ রান দিয়ে তুলে নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
 
ইত্তেফাক/এমএইচ