মার্শের পরিবর্তে স্টয়নিস

কাঁধের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকী তিন ম্যাচে আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন মার্কাস স্টয়নিস।
 
সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন মার্শ। ফলে সিরিজের মাঝপথ থেকেই সরে যেতে হলো তাকে। এক বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ কথা জানায়। 
 
তারা জানায়, ‘মার্শের পরিবর্তে সিরিজের বাকী ম্যাচগুলোর জন্য দলে ডাকা হয়েছে স্টয়নিসকে।’
 
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী স্টয়নিস। তবে কোন ম্যাচেই ভালো পারফর্ম করতে পারেননি তিনি। 
 
তারপরও স্টয়নিসকে ঝালিয়ে নেয়ার সিদ্বান্ত অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের। কারণ চলমান বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে ভালোই পারফর্ম করেছেন স্টয়নিস। 
 
আগামী ১৯ জানুয়ারি পার্থে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। প্রথম দুই ওয়ানডে শেষে পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা রয়েছে। বাসস
 
ইত্তেফাক/এমএইচ