যথাযোগ্য মর্যাদায় মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক-মণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী মাজেদা বেগমের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 
গতকাল এ উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়। মরহুমার কনিষ্ঠ পুত্র পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডিস্থ বাসভবনে কোরআনখানি ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। এছাড়া জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখতারুন্নাহার বেবীর ধানমন্ডিস্থ বাসভবনে বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
 
মরহুমার আজিমপুরের মাজার প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মাজেদা বেগমের দৌহিত্র দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান ও পরিচালক রেজাউল আহসান।
 
বরিশাল সংবাদদাতা জানান, মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার নগরীর বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে আলোচনা সভা ও বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ আবুল কাসেম। মিলাদ-মাহফিলে কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল মাজেদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে মজেদা বেগমের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক, পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান এবং কলেজ পরিচালনা কমিটির অন্যতম সদস্য মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের সভাপতিত্বে মাজেদা বেগমের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন- কলেজের উপাধক্ষ্য মো. আবু জাফর সহকারী অধ্যাপক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, মোসাম্মত্ খায়রুন্নাহার, কামরুন্নাহার, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মুরাদ হোসেন, শাহানাআক্তার, শিক্ষার্থী নাসরীন আক্তার, তুলি আক্তার প্রমুখ।

ইত্তেফাক/এএন