‘আমার শিল্পী জীবন ধন্য’

এদেশে রিয়েলিটি শো থেকে সবাই তারকা খ্যাতি পাননি। তবে গায়কীতে নিজস্ব ধারা তৈরি করে একটি শক্ত অবস্থান তৈরিতে বাংলা গানের অন্যতম শিল্পী সালমা। নিজের জন্মদিনের আড়ম্বর এর আগে কখনও তিনি করেননি। তবে এবারে নিজে থেকেই শোবিজে তার কিছু প্রিয় মানুষকে আমন্ত্রন জানালেন। সকলের প্রিয় কলিগ কিংবা ছোট বোন সালমার জন্মদিনে তাই তারকারাও শুভেচ্ছা জানাতে এলেন স্বাগ্রহে।
 
গত ১৫ জানুয়ারি রাজধানীর গুলশানের স্টেক হাউজে অুনষ্ঠিত হলো সঙ্গীতশিল্পী সালমা’র গানের এক দশক পুর্তি এবং জন্মদিনের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে সালমার সফল সঙ্গীত জীবনের প্রতি অভিনন্দন এবং জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হয়েছিলেন অনেক তারকা। সর্বপ্রথম অনুষ্ঠানে উপস্থিত হয়ে সালমাকে দোয়া করেন তারই গুরু শফি মন্ডল। এর পরপরই তাকে দোয়া জানাতে উপস্থিত হন কিংবদন্তী সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। অনুষ্ঠান শুরু হয় রাত আটটায়। শুরু থেকেই সালমা হাসিমুখে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন। সালমার নিমন্ত্রণে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। অিনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিপুণ। নিপুণ বলেন,‘এদেশের একজন গুণী সঙ্গীতশিল্পী সালমা। আমার ছোট বোনেরই মতো সালমা। তার গান আমার যেমন ভালোলাগে, ঠিক তেমনি তার ব্যবহারও আমাকে মুগ্ধ করে। তার অল্প সময়ের আয়োজনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ভালোলেগেছে। তার জন্য সবসময়ই আমার শুভ কামনা।’
 
অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এই সময়ের শীর্ষ নায়িকা বিদ্যা সিন্হা মিম। মিম বলেন, ‘খুব মুগ্ধ করার মতো একটি কণ্ঠ তার। তার গান শুনলেই মুগ্ধ হয়ে শুনি আমি। ধন্যবাদ দিতে চাই সালমা আপুকে আমাকে এমন একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ করার জন্য।’ অনুষ্ঠানে উপস্থিত শফি মন্ডল বলেন, ‘এটা আমার অনেক গর্বের বিষয় যে আমারই শিক্ষার্থীকে আজ সারা দেশ এক নামেই চিনছে। তার গান শুনে শ্রোতারা যখন মুগ্ধ হন তখন গর্বে সত্যিই আমার বুকটা ভরে যায়। সালমাকে আমি খুব স্নেহ করি। আমার বিশ্বাস আগামী দিনে সে অনেক দূর যাবে, কারণ তারমাঝে সেই চেষ্টাটা ছিলো, আছে এবং থাকবে।' অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত হয়েছিলেন পার্থ বড়ুয়া, চিত্রনায়ক ফেরদৌস, উপস্থাপক আনজাম মাসুদ, দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল, কণ্ঠশিল্পী সাবি"র, মুহিন, বেলাল খান, মেহরবা, ইলিয়াস হোসেন'সহ আরো অনেকে। নিজের জন্মদিনের এই শুভেচ্ছা নেবার মুগ্ধকর রাতে সালমা বলেন,‘ আমার শিল্পী জীবন ধন্য যে আমার এত সুন্দর একটি পরিবার রয়েছে। যে পরিবারে আমায় সবসময় আগলে রাখে।’
 
ইত্তেফাক/এমএআর