'শচিন টেন্ডুলকার কোনো টার্গেট নয়; শচিন একটা দর্শন। আর এই দর্শনেই নিজেকে বাকিদের থেকে আলাদা করতে চান ভারত অধিনায়ক বিরাট কোহলি।
পুনের মাঠে রেকর্ড রান তাড়া করে জয়। তার পরের দিনেই এক অন্য বিরাট। ভারত অধিনায়কের মধ্যে ওই দার্শনিক উপলব্ধি।
বাজিরাওয়ের শহরে ইংল্যান্ড বধ করেই মুখোমুখি বিবিসির। নাসের হুসেনকে দেওয়া সাক্ষাৎকারে বিরাটের মন্তব্য, 'জানি না, টানা ২৪ বছর দেশের জন্য খেলতে পারব কীনা। তবে, যতদিন খেলব, বাকিদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করব।'
ধোনির হাত থেকে ব্যাটন ধরেছেন। নেতা হিসেবে ভারতবাসীর কাছ থেকে সম্মান পেয়েছেন। তবু বিরাট মনে করেন, তিনি ভাগ্যবান, তার জীবনে বহু মতের কোনো জায়গা নেই।
তার দাবি, একাধিক মানুষের মতামত জীবনকে বিভ্রান্ত করে। সেই জীবনের আর কোনো মানে থাকে না।
দার্শনিক বিরাটের উপলব্ধি, জীবনকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন ভারসাম্য। সেই ভারসাম্যেই এখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান। স্বপ্ন নয়, থাকতে চান বাস্তবের ২২ গজে।
ইত্তেফাক/এএম