টিএসসিতে গানকবির বাংলা গানের উৎসব আজ

বাংলা গানের শ্রোতানন্দিত ব্যান্ড ‘গানকবি’র এক বছর পুর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘বাংলা গানের উৎসব’। আজ ১৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যে ৫.৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সুইমিং পুলের উন্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এ উৎসব। 
 
বাংলা গানকে পরম মমতায় কন্ঠে ধারণ করার চেষ্টা নিয়ে গানকবির যাত্রা শুরু ২০১৬ সালের ১৭ জানুয়ারি। 
 
পাঁচজন তরুণ শিল্পীর স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করা এই ব্যান্ডদল মাত্র ১ বছরের পথচলায় হয়ে উঠেছে বাংলা লোকজ গানের স্বপ্নসারথী। প্রায় অর্ধশত মঞ্চ ও রেডিও-টেলিভিশন প্রোগ্রামে সফল পরিবেশনার মাধ্যমে এরমধ্যে প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে গানকবি। দলে রয়েছেন সাহস মোস্তাফিজ, সুদীপ্ত, আকাশ গায়েন, তারেক এবং আবির। 
 
বাংলা সংস্কৃতিকে দুরে ঠেলে দিয়ে যারা ভিনদেশী গান নিয়ে মেতে থাকছে, তাদের বিরুদ্ধে গানকবির অভিনব লড়াই। গান ও কথার মিশেলে অনবদ্য নানা পরিবেশনায় তাঁরা শ্রোতাদের আহ্বান জানায় বাংলা গান শুনবার জন্য। দেশি ও বিদেশি বিভিন্ন আকর্ষণীয় এবং ব্যতিক্রমী ইন্সট্রুমেন্টের ব্যবহার গানকবিকে দিয়েছে নিজস্ব পরিচয়। 
 
এ উৎসবে গানকবি তাদের কয়েকটি মৌলিক গানসহ প্রায় ২০টি গান পরিবেশন করবে।
 
ইত্তেফাক/এমএআর