রংপুরে কৃষক হত্যায় ৭ জনের যাবজ্জীবন

রংপুরের মিঠাপুকুরে মামাকে পিটিয়ে হত্যার দায়ে ভাগ্নেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, মিঠাপুকরের মিলনপুর ইউনিয়নের তরফ বাহাদী গ্রামের লাবুল মিয়া, আব্দুল আজিজ, নেহাল উদ্দিন, আরজিনা বেগম, ওমেলা বেগম, মশিউর রহমান ও নুর ইসলাম। রায় ঘোষণার সময় অভিযুক্ত ৭ আসামির মধ্যে আরজিনা ও মশিউর পলাতক।
 
মামলা ও আদালত সূত্রে জানা যায়, লাবলু ও তার স্ত্রী আরজিনা বেগমের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া-বিবাদ ছিল। এমন খবর পেয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশকাদহ মণ্ডলপাড়া গ্রামের কৃষক বেলাল হোসেন তাদের পারিবারিক সমস্যা মেটাতে ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর তার ভাগ্নে লাবলু মিয়ার বাড়ি মিঠাপুকুরে যান। ওইদিন রাতে মামা বেলাল হোসেন ভাগ্নে বউকে একা পেয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ উঠলে লাবলুসহ পরিবারের অন্য সদস্যরা মিলে বেলালকে কয়েক দফায় গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দেয়। এতে বেলালের অবস্থা গুরুতর হলে ৩০ সেপ্টম্বর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ১ অক্টোবর মারা যান বেলাল।
 
এ ঘটনায় নিহতের পুত্র আলমগীর হোসেন তার বাবাকে  (বেলাল হোসেন) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে ২ অক্টোবর মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক অভিযুক্ত ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে এপিপি ফারুক মো. রেয়াজুল করিম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রশীদ চৌধুরী মামলা পরিচালনা করেন।
 
ইত্তেফাক/এএম।