রাজধানীতে জুতার কারখানায় আগুন, দগ্ধ ২

রাজধানীর বংশাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক দগ্ধ ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বংশালের সাতরওজা এলাকায় এ ঘটনা ঘটে। 
 
দগ্ধরা হলেন- তারেক মাহমুদ (২০), কামাল হোসেন (১৭)। এছাড়া এ অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে দ্রুত নামতে গিয়ে হানিফ মিয়া (৩৫) নামে একজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
 
স্থানীয়রা জানান, বংশালের ৮৭ নম্বর আগা সাদেক লেনের তৃতীয় তলায় দুলাল মিয়ার ‘ফয়সাল সেবা সু’ কারখানা অবস্থিত। ওই কারখানায় তারেক মাহমুদ, কামাল হোসেন, হানিফ মিয়াসহ ৭/৮জন শ্রমিক কাজ করে। মঙ্গলবার দুপুরের দিকে তারা সবাই কাজ করছিল। এসময় কারখানার কেমিক্যালের ড্রাম হাঠৎ করে জ্বলে ওঠে এবং দ্রুত ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, তারেকের শরীরের ২০ শতাংশ এবং কামালের শরীরের ৪৫ শতাংশ আগুনে পুড়ে গেছে। কামালের অবস্থা অাশঙ্কাজনক। 
 
ইত্তেফাক/এমআই