‘পাঁচ বছর পর দেশে দরিদ্র লোক থাকবে না’

‘আগামী পাঁচ থেকে দশ বছর পর দেশে কোন দরিদ্র লোক বলে কিছু থাকবে না’ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাড. মোল্লা মো. আবু কাউছার।
 
মঙ্গলবার বিকালে ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জর গুহ এর তত্ত্বাবধান করেন। 
 
মোল্লা  মো. আবু কাউছার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ-বিদেশী ষড়যন্ত্র উপক্ষো করে অভূতপূর্ব উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। বৃদ্ধি পেয়েছে দেশের সাধারণ মানুষের পিছু আয়। দেশের আরো উন্নতির জন্য যে যার অবস্থানে থেকে কিছুটা ত্যাগ স্বীকার করুন। তা থেকে আরো উন্নয়ন সম্ভব। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ থেকে দশ বছরে দেশে দরিদ্র লোক বলে কিছু থাকবে না।
 
তিনি বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের শিকড় অনেক গভীরে। তারা একেক নামে, একেক জায়গায় অবস্থান করছে। গুটি কয়েক দেশ বিরোধীদের কাছে সারাদেশের মানুষ জিম্মি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে তাদের প্রতিহত করি। এদেশের সবাই উন্নয়নের অংশীদার হই। 
 
গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক শশাঙ্ক ভূষন পাল চৌধূরী অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক ঘোষ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজামান তরুন, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সুরুজ আলম, যুবলীগের সাধারণ সম্পাদক নূরে আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা- পলাশ চৌধুরী, বাসার চোকদার, দেলোয়ার কবির, সুজন বাবু, মো. পলাশ, শেখ নয়ন আলী, মুরাদ খান, শেখ শামীম, ছাত্রলীগ নেতা হাবিব বেপারী প্রমুখ। 
 
ইত্তেফাক/এমএইচ