রাজস্ব হয়রানি রোধে এনবিআরের ই-মেইল কর সেবা

ব্যবসায়ীসহ সব করদাতার হয়রানি বন্ধে চলতি সপ্তাহে আয়কর, ভ্যাট ও শুল্ক-এই তিন বিভাগে ফিডব্যাক ই-মেইল সেবা চালু করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যেখানে করদাতারা রাজস্ব সংক্রান্ত সমস্যার সমাধান পাবেন।
 
মঙ্গলবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, 'কোন ব্যক্তি রাজস্ব কর্মকর্তাদের দ্বারা হয়রানি হলে কিংবা রাজস্ব সংক্রান্ত যে কোন অভিযোগ, সমস্যা বা পরামর্শ থাকলে এই ই-মেইলে জানাতে পারবেন। যেখানে করদাতারা সব ধরনের সমস্যার সমাধান পাবেন।'
 
এই তিনটি ই-মেইল ঠিকানা হলো- feedbackcustoms@nbr.gov.bd, feedbackvat@nbr.gov.bd ও feedbacktax@nbr.gov.bd । মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষ্যে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক এই সেমিনারের আয়োজন করে কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট (উত্তর) ঢাকা।
 
সেমিনারে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আব্দুল মাতলুব আহমাদ, এনবিআরের সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন ও সুলতান মাহমুদ, ভ্যাট গোয়েন্দা বিভাগের মহাপরিচালক খন্দকার আমিনুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক আবুল কাসেম খান প্রমুখ বক্তব্য রাখেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস