ফার্মগেটে আবাসিক হোটেল থেকে গাড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর ফার্মগেটে এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মীর হোসেন (৫০)। গত সোমবার গভীর রাতে রয়েল গ্রান্ড  হোটেলের ৫০৯ নম্বর কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মীর হোসেন পেশায় গাড়ি ব্যবসায়ী। তারা বাসা ধানমন্ডির জিগাতলায়। 
 
রয়েল গ্রান্ড হোটেলের ব্যবস্থাপক সুমন জানান, গত রবিবার মীর হোসেন হোটেলের ৫০৯ নম্বর কক্ষে ওঠেন। সোমবার রাতে তিনি খাবার না খাওয়ায় ডাকাডাকি করা হয়। ভেতর থেকে সাড়া না দেওয়ায় থানায় খবর দেওয়া হয়। রাত আড়াইটার দিকে পুলিশ দরজা ভেঙ্গে খাটেরে ওপর থেকে মীর হোসেনের লাশ উদ্ধার করে। 
 
তেজগাঁও থানার এসআই খোরশেদ আলম জানান, ভেতর থেকে কক্ষের দরজা লাগানো ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, ওই ব্যবসায়ী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
 
মীর হোসেনের বড় ছেলে কামরুল হোসেন বলেন, রবিবার তার বাবা বাসা থেকে রাগ করে বের হয়ে যান। তার সঙ্গে ফোনে যোগাযোগ হলেও তিনি কোথায় ছিলেন তা বলেন নি। সোমবার মধ্যরাতে হোটেল কক্ষ থেকে বাবার লাশ উদ্ধারের খবর পান তারা। কামরুল বলেন, তার বাবার  হৃদরোগ ছিল। হয়তো অসুস্থ হয়ে তিনি মারা যেতে পারেন।
 
ইত্তেফাক/এমআই