জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মতিয়ার আহ্বান

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি মঙ্গলবার জেলার নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে শীত বস্ত্র ও প্রণোদনার অর্থ বিতরণ কালে এ আহ্বান জানান। মতিয়া চৌধুরী বলেন, 'জঙ্গিরা ইসলামের শত্রু। কারণ তারা মানবতার ধর্ম ইসলামকে কলুষিত করেছে।'
 
তিনি বলেন, 'ইসলামের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। গৌরবময় এ ইতিহাসে মানুষকে ভালোবেসে ইসলামের পথে আনা হয়েছে।'
 
জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মতিয়া আরো বলেন, 'এক সময় যারা নারী নেতৃত্ব হারাম বলত তারাই দেশে জঙ্গিবাদ তৈরি করেছে।'
 
তিনি উপজেলার উরফা, গনপদ্দী, বানেশ্বর্দী, চন্দ্রকোনা, চরঅষ্টাধর, টালকী ও গৌরদ্বার ইউনিয়নে প্রথম শ্রেণির ১ হাজার ৫১৭ জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে শীতের কম্বল, এসএসসির টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রতি বিদ্যালয়ের প্রথম ১০ জন করে ২৬০ শিক্ষার্থীকে দুধ খাওয়ার জন্য জনপ্রতি ৫শ টাকা করে প্রণোদনা প্রদান করেন।
 
এসময় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, খামার বাড়ীর উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস