চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জে জলাবদ্ধতার কারণে এতোদিন শীতকালীন বোরো ফসল ছাড়া অন্য ফসল তেমন একটা চাষ হতো না। এরমধ্যে কৃষি বিভাগ প্রতিকূল পরিবেশে কিভাবে অন্য ফসল চাষ করা যায় সে সম্পর্কে কৃষকদেরকে উত্সাহিত করে ও প্রশিক্ষণ দিয়ে আগ্রহী করে তুলেছে। এর ফলে চলতি মৌসুমে বেগমগঞ্জে ৬৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এ ব্যাপারে এখলাসপুরের কৃষক নাসিম, রাজগঞ্জের সেলিম মিয়া, দুর্গাপুরের আমির হোসেন জানান, কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ ও আর্থিক সহয়তা নিয়ে বেগুন, করলাসহ বিভিন্ন ধরনের শাকের চাষাবাস করছি। ফলন ভালো এবং লাভও হচ্ছে।
বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ভূঞা জানান, বেগমগঞ্জ নোয়াখালী জেলার মধ্যে নিচু এলাকা বিধায় এবং পানি নিষ্কাশনের খালসমূহ ভরাট ও দখল হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়ে জলাবদ্ধতার ফলে মাঠ-ঘাট পানিতে তলিয়ে যায়। এতে বেগমগঞ্জে একমাত্র শীতকালীন বোরো চাষ ছাড়া অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হতো না। বর্তমানে উপজেলার রাজগঞ্জ, ছয়ানি, দুর্গাপুর, রফিকপুর, একলাশপুর, লাউতলিসহ বিভিন্ন এলাকার কৃষকরা সবজি চাষ করছে।
চলতি মৌসুমে বেগমগঞ্জে ৬৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। ফলনও আশানুরূপ হবে বলে ধারণা। চাষকৃত সবজির মধ্যে বিটি বেগুন, ঢেঁড়স, কনলা, লাউ, কুমড়া, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লাল শাক, পালং শাক ইত্যাদি চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। তাছাড়া চাষাবাদকালে চাষিদেরকে সার্বিকভাবে প্রযুক্তিগত পরামর্শ এবং নগদ অর্থ প্রদান করা হচ্ছে।