যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামাকেয়ারের বদলে সবার জন্য স্বাস্থ্যবীমা নিশ্চিত করার পরিকল্পনা করছেন। ওয়াশিংটন পোস্টে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাত্কারে ট্রাম্প তার বীমা পরিকল্পনার ব্যাপারে সুনির্দিষ্ট করে বলেননি। তবে তিনি জানান, তিনি তার পরিকল্পনা চূড়ান্ত করে এনেছেন। আগামী শুক্রবার অফিসে যোগ দিচ্ছেন ট্রাম্প। ওয়াশিংটন পোস্টকে ট্রাম্প বলেন তিনি তার বীমা পরিকল্পনা শীঘ্র সমাপ্ত করবেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে টম প্রাইসের নিয়োগ চূড়ান্ত করবেন।
ট্রাম্প বলেন, আমরা সবার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করব। অনেকের ধারণা টাকা না দিতে পারলে ইন্স্যুরেন্স করা যাবে না। আমাদের ক্ষেত্রে তা হবে না। ট্রাম্প বলেন, গরিব এবং বৃদ্ধদের স্বাস্থ্যসেবার জন্য তিনি ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা বলবেন। কোনো বিকল্প প্রস্তুতি ছাড়া ওবামাকেয়ার তুলে দেওয়ার ব্যাপারে অনেকের মাঝে উদ্বেগ ছিল।
ট্রাম্প ওবামাকেয়ারকে একটি বিপর্যয় বলে আখ্যায়িত করেছিলেন। ওবামাকেয়ারের প্রিমিয়াম বাড়ানো এবং অন্যান্য কারণে ব্যাপক সংখ্যক মানুষ এর থেকে বের হয়ে গিয়েছিলেন।
ইত্তেফাক/এএন