স্বাধীনতাবিরোধীদের নামে থাকা পাঁচ সড়কের নাম পরিবর্তন

কক্সবাজার পৌরসভা

কক্সবাজার প্রতিনিধি

স্বাধীনতা বিরোধীদের নামে থাকা কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ ৫টি সড়কের নাম পাল্টিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক গণ্যমান্য ব্যক্তিদের নামে নতুনভাবে নামকরণ করে ফলক উন্মোচন করেছে কক্সবাজার পৌরসভা। মহান স্বাধীনতা ও বিজয় দিবসের দিনে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সড়কগুলোর নতুন নামকরণের সাহসী পদক্ষেপ বাস্তবায়ন করেন পৌর মেয়র মুজিবুর রহমান।

শহরের পিটি স্কুল দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ এবিসি ঘোনা সড়কটির নতুন নামকরণ হয়েছে ‘বীর প্রতীক নুরুল হুদা সড়ক’, বাজারঘাটা রয়েল বোর্ডিং সংলগ্ন ছালামত উল্লাহ সড়কের স্থলে ‘মাষ্টার আবদুল কাদের সড়ক’, বাজারঘাটাস্থ এবিসি সড়কের স্থলে ‘শহীদ সুভাষ সড়ক’, সদর মডেল থানার পেছনের রোডকে ‘শহীদ ফরহাদ সড়ক’ ও বাহারছড়াস্থ পুলিশ সুপারের বাসভবন লাগোয়া রোডকে ‘মৌলভী সোলতান আহমদ সড়ক’ নামকরণ করা হয়। এসব ছাড়াও আরো কয়েকটি বিতর্কিত নামে থাকা সড়কের নতুন নামকরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম জানান।

নতুন নামফলক উন্মোচনিতে মেয়র মুজিবুর রহমানের সাথে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা রূপনাথ চৌধুরী ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম। 

সূত্র জানায়, চলতি মাসের মাঝামাঝিতে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় দেশে রাজাকার বা স্বাধীনতা বিরোধীদের নামে থাকা সড়কের নাম পরিবর্তনে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করতে মেয়রকে অনুরোধ জানান জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এটি বাস্তবায়নে মুজিবুর রহমানকে প্রধান করে একটি কমিটিও করে দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নঈমুল হক চৌধুরী টুটুল ও মুহাম্মদ শাহজাহান।

মেয়র মুজিবুর রহমান বলেন, শহরে বিতর্কিত মানুষের নামে থাকা সড়কগুলো মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের নামে স্বাধীনতা দিবসে নামকরণ করা হয়। বিতর্কিত ব্যক্তিদের নামে পরিচিত থাকা অন্যসব সড়কের নামও একই প্রক্রিয়ায় বদল করা হবে। আর নামহীন সড়কগুলোও মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী এবং সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা গণ্যমান্য ব্যক্তিদের নামে নামকরণ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।