২০১৫ অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাস পেতে পারে অস্ট্রেলিয়া

 
বর্তমান অস্ট্রেলিয়া দলে ভারত সফর নিয়ে তেমন কোন অভিজ্ঞতা নেই। তাই তারা ২০১৫ সালে একটি আন-অফিসিয়াল ট্যুরকে নিজেদের আত্মবিশ্বাস হিসেবে গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া সাবেক বাঁহাতি অল-রাউন্ডার শ্রীধারান শ্রীরাম। সেই টেস্ট সিরিজে ভারতের 'এ' দলের বিপক্ষে ১-০ তে এগিয়ে থেকে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া 'এ' দল।
 
ভারতের বিপক্ষে উপমহাদেশের মাটিতে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ান দল ঘোষণা করা হয়েছে। কিন্তু তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিশেষ করে দারুণ ছন্দে থাকা ভারতের বিপক্ষে তাদের মাঠে নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রমাণে অসিদের যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তা সহজেই অনুমেয়।
 
অন্যদিকে অস্ট্রেলিয়া দলে আসা নতুন মুখ স্টিভ ও’কিফ, অ্যাস্টন আগার ও পিটার হ্যান্ডসকম্বদের নিয়ে ভারতের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়া সম্ভব তা নিয়েও আলোচনা চলছে। ২০১৫ সালে চেন্নাইয়ে একটি আন-অফিসিয়াল দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় 'এ' দলের বিপক্ষে অস্ট্রেলিয়ান এ’ দল ১-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল। উসমান খাজার নেতৃত্বে অনভিজ্ঞ ঐ অস্ট্রেলিয়ান দলটিকে সামনে থেকে পরামর্শ দিয়েছিলেন শ্রীরাম। এ সময় ভারতীয় দলে ছিলেন বিরাট কোহলি, চেতশ্বর পুজারা, কেএল রাহুল, অমিত মিশ্র ও উমেশ যাদবের মত তারকারা। তাই এই জয়টি হতে পারে অস্ট্রেলিয়ার নবীনদের জন্য আত্মবিশ্বাসের।
 
কিন্তু সেই সঙ্গে সাবধান বাণী উচ্চারণ করে শ্রীরাম বলেন, যেকোনো দলের জন্যই ভারত সফর একটি কঠিন বিষয়। তবে ২০১৫’র ঐ অভিজ্ঞতা থেকে ও’কিফ, হ্যান্ডসকম্বের মত খেলোয়াড়রা আত্মবিশ্বাস পেতেই পারে বলে মনে করেন ৪০ বছর বয়সী শ্রীরাম।
 
তিনি বলেন, ভারত একটি দারুণ প্রতিভাবান দল। তারা বর্তমানে অসাধারণ ক্রিকেট খেলছে। তাছাড়া বিশ্বের যেকোনো দলের জন্যই ভারত সফর করে বেশ বড় চ্যালেঞ্জ। ও’কিফ, হ্যান্ডসকম্বরা আগেও এখানে খেলেছে। ও’কিফ ও ন্যাথান লিঁওর মধ্যে একটি দারুণ বোঝাপড়া রয়েছে।
 
তিনি আরো বলেন, উপমহাদেশের সফল হতে হলে খেলোয়াড়রা নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া থাকতে হবে। আর সে কারণেই তারা একে অপরকে বোঝার চেষ্টা করেছে। তবে এখানে ভাল করার অন্যতম মূল অস্ত্র হলো ব্যাটিং। ব্যাটসম্যানদের সঠিক সময়ে নিজেদের প্রমাণ করতে হবে।
 
ইত্তেফাক/আরএ