উভয়ের ছয় মাসের কারাদণ্ড
কক্সবাজার প্রতিনিধি
ভাড়ায় মা সেজে রোহিঙ্গা তরুণীকে পাসপোর্ট করিয়ে দিতে এসে আটক হয়ে এখন কারাগারে বাংলাদেশি এক নারীসহ ওই রোহিঙ্গা তরুণী। বৃহস্পতিবার বিকালে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা আটকের পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু’জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়ে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তরা হলো— টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়ার বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী খোরশিদা বেগম (৪০) ও রোহিঙ্গা মোহাম্মদ কাসিমের মেয়ে হালিমা সাদিয়া মিনারা (১৮)।
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুদ বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে দু’নারী পাসপোর্ট আবেদন নিয়ে কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। তারা একমাস আগে একবার পাসপোর্ট করাতে এসেছিল। তখন যথাযথ কাগজপত্র দিতে না পারায় এবং রোহিঙ্গা হিসেবে সন্দেহ হওয়ায় তাদের ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু এবার আরো পাকাপোক্ত কাগজপত্র সংগ্রহ করে আসে তারা। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি বেরিয়ে আসে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহাম্মদের ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় ভাড়াটিয়া মা ও রোহিঙ্গা তরুণীকে পৃথক ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে।