কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে ১১ মাদক ব্যবসায়ীকে সাজা

 

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১১ মাদক ব্যবসায়ীকে আটকের পর সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে পৃথক এ অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজারস্থ সহকারী পরিচালক সোমেন মণ্ডল  জানান, কক্সবাজার শহরের হাঙ্গারপাড়া, সদর উপজেলার কক্সবাজার সরকারি কলেজ গেইট, খুরুশকুল কুলিয়াপাড়া, এবং হিন্দুপাড়ায় পৃথক অভিযান চালায় প্রশাসন। সাজাপ্রাপ্তরা হলো— রমজান আলী, রোকিয়া, সোহেল,  রাসেল, রেহেনাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। শহরের উত্তর টেকপাড়ার তৈয়বা বেগম, উসাই রাখাইন, মন্টু, মিমা রাখাইন, নির্মল দে, বাদল কান্তি দে-কে চোলাই মদ বিক্রির অভিযোগে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব  দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।