রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
বুধবার রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সাক্ষ্য গ্রহণ করছেন। সকালে সাক্ষ্য প্রদান করেন মামলার বাদী তৎকালীন কাউনিয়া থানার ওসি রেজাউল করিম এবং কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পরে সাক্ষীদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফতাব হোসেন ও অ্যাডভোকেট আবু হোসেন।
আদালতে বিশেষ পিপি অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান, আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি পাঁচজন করে মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হবে। রাষ্ট্রপক্ষে মামলার সহযোগিতা করেন পিপি আব্দুল মালেক।
উল্লেখ্য, জাপানি নাগরিক কুনিয়ো হোশি ২০১৫ সালের ৩ অক্টোবর সকালে কাউনিয়া উপজেলার নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার কোয়েল ঘাষের খামার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিন জঙ্গি তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত তিনজনের নামে একটি হত্যা মামলা করেন। পুলিশ জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মন্ত্রীসহ আটজনের নামে চার্জশিট দাখিল করে। অপর আসামিরা হলেন- ইসহাক আলী, লিটন মিয়া, আবু সাইদ, সাখাওয়াত হোসেন, আহসান উল্লাহ, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম। এদের মধ্যে সাদ্দাম হোসেন ও নজুরুল ইসলাম ক্রস ফায়ারে নিহত হন। আহসান উল্লাহ নামে অপর জঙ্গি পলাতক রয়েছেন।
ইত্তেফাক/এএসএমইউ