ফটিকছড়িতে ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার!

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

ফটিকছড়িতে ঘুষের টাকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর (৪৮)-কে গ্রেপ্তার করেছে দুদক। দুদকের চট্টগ্রাম শাখার উপ-পরিচালক লুত্ফুল কবির চন্দনের নেতৃত্বে দুদকের একটি দল গত বৃহস্পতিবার দুপুুুর পৌনে দুইটার দিকে ওই কর্মকর্তার অফিসে হানা দিয়ে ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

দুদকের উপ-পরিচালক জানান, অন্ত:সত্বা প্রাথমিক শিক্ষিকা তসলিমা আক্তার বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফরহাদাবাদ নুর কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হতে চাইলে ওই কর্মকর্তা মহিলার নিকট জেলা অফিসে দেবার নাম করে তিরিশ হাজার টাকা ঘুষ দাবি করেন। ইতোমধ্যে ওই শিক্ষিকা বিষয়টি দুদক চট্টগ্রামের উপ-পরিচালক লুত্ফুল কবির চন্দনকে লিখিতভাবে অবহিত করেন। পরে দুদকের সাথে যোগাযোগ সাপেক্ষে ওই শিক্ষিকা দশ হাজার টাকা নিয়ে শিক্ষা কর্মকর্তার অফিসে যান। এসময় সাদা পোশাকে একটি দল ওই অফিসের পাশে অবস্থান নেয়। মহিলা শিক্ষিকা ঘুষের টাকা দেওয়ামাত্র ওই শিক্ষা কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন তারা। বেলা সাড়ে চারটা দিকে তাকে হাতকড়া পরিয়ে ফটিকছড়ি থানায় নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষিকা তসলিমা বেগম প্রতিবেদককে বলেন, ওই কর্মকর্তাকে তিনি বাপ পর্যন্ত ডেকেছেন, কিন্ু্ত তারপরও তিনি হয়রানি থেকে রেহাই পাননি। অভিযানে নেতৃত্বদানকারী দুদকের উপ-পরিচালক লুত্ফুল কবির চন্দন ব্রিফিংকালে বলেন, মামলা দায়েরের পর তদন্তকালে এসব অপকর্মের সাথে আরো যেসব ব্যক্তি জড়িত পাওয়া যাবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।