ভাবি হত্যায় দেবর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে জমি নিয়ে বিরোধে ভাবি রহিমা খাতুনকে (৪০) হত্যার দায়ে দেবর ও তার স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
 
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচার মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ভিটিরটেক গ্রামের আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা।  
 
গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, জমি নিয়ে বিরোধে ১৯৯৮ সালের ২৩ জানুয়ারি কাপাসিয়া উপজেলার ভিটিরটেক গ্রামের মুক্তিযোদ্ধা সফিউদ্দিনের সঙ্গে তার ভাই আফসার উদ্দিন ও তার স্ত্রী মোসা. রওশনারা এবং মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা খাতুনদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের হামলায় সফিউদ্দিন ও তার স্ত্রী রহিমা খাতুন গুরুতর আহত হন। তাদের প্রথমে নরসিংদীর মনোহরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ৩০ জানুয়ারি রহিমা খাতুনের মৃত্যু হয়।
 
এ ব্যাপারে নিহতের ভাই ফাইজুদ্দিন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় আফসার উদ্দিন, মাইনুদ্দিন, রওশনারা ও জরিনাকে আসামি করা হয়। মামলা চলাকালে মাইনুদ্দিন ও তার স্ত্রী জরিনা মৃত্যুবরণ করায় তাদের ওই মামলা হতে অব্যহতি দেয়া হয়।
 
বুধবার দুপুরে আফসার উদ্দিন ও তার স্ত্রী রওশন আরাকে এ সাজা দেন।