সাবেক প্রেমিকের উপর নারীর এসিড হামলা

ভারতের ব্যাঙ্গালোরে লিডিয়া যশপাল নামের এক নার্স তার সাবেক প্রেমিককে এসিড ছুড়ে মেরেছে। জয়কুমার পুরুষোত্তম নামের ওই ব্যক্তি জানিয়েছেন, সম্প্রতি ওই নারীর সঙ্গে তার চার বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন তিনি।
 
ব্যাঙ্গালোরের পুলিশ এই ঘটনায় রীতিমতো বাকরুদ্ধ। স্থানীয় পুলিশ জানিয়েছে, প্রথমবারের মতো তারা কোনো পুরুষকে নারী এসিড ছুড়ে মারার ঘটনা দেখলেন। ভারতে প্রতি বছর ১ হাজারের মতো এসিড সন্ত্রাসের ঘটনা ঘটে। সব ক্ষেত্রেই দেখা যায় নারীরাই পুরুষদের হামলার শিকার হন।
 
ব্যাঙ্গালোরের ডেপুটি পুলিশ কমিশনার এমএন অনুচেত বলেন, যে কেউ বলতে পারবে ব্যাঙ্গালোরে পশ্চিম ডিভিশনের পুলিশের এই ধরণের প্রথম মামলা এটি। আমাদের রেকর্ড অনুযায়ী গত ১২ বছরে কোনো নারী পুরুষকে এসিড হামলা করার অভিযোগ করল। এসিডে জয়কুমার পুরুষোত্তমের ডান পাশের মুখ, কান, গাল ও কপাল পুড়ে গেছে।
 
জানা গেছে, ২৬ বছর বয়সী লিডিয়া চাইছিল পুরুষোত্তমকে বিয়ে করতে, কিন্তু ভিন্ন ধর্মের হওয়ায় তাদের বিয়ে মেনে নিচ্ছিল না পরিবার। তিন মাস আগে সম্পর্কের ইতি টেনে বিয়ে করার জন্য মেয়ের খোঁজ করতে থাকেন পুরুষোত্তম। এতে ক্ষুব্ধ হয়ে লিডিয়া তার মুখে এসিড ছুড়ে মেডিকেল ছুরি দিয়ে হামলা করে।
 
পথচারীরা তাকে পরে হাসপাতালে নিয়ে যায় এবং লিডিয়া আটক হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হচ্ছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ