ইত্তেফাক রিপোর্ট
‘বিতর্ক মানে জ্ঞানের চর্চা, বিতর্ক মানেই যুক্তি। বিতর্ক মানেই গণতন্ত্র, আর যুক্তি ও গণতন্ত্র বন্ধ হয়ে গেলে, সংঘাত তৈরি হয়। যা কারো জন্যে কাম্য নয়। যুক্তি তর্কের মধ্য দিয়ে আমাদের প্রকৃত জ্ঞাননির্ভর সমজ তৈরি করতে হবে’— দুই দিনব্যাপী শুরু হওয়া জাতীয় বিতর্ক উত্সবে বিতর্ক নিয়ে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে এই ১২তম জাতীয় বিতর্ক উত্সব শুরু হয়। এই উত্সবের আয়োজন করে ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফ বিডি)। ‘যুগের আবাহনে যুক্তির উচ্ছ্বাস, মেতে উঠুক নব তারুণ্যে’—প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া বিতর্ক উত্সবের সমাপনী উত্সব আজ। উত্সবে সহযোগিতা করে বিআরবি হাসপাতাল। মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, নাগরিক টেলিভিশন, সারাবাংলা ডট নেট।
উত্সবের শুরুতে ‘শিশু বিকাশে মোবাইল ফোনের নেতিবাচক প্রভাবই বেশি’—বিষয়ের ওপর যুক্তি-তর্ক উপস্থাপন করেন শিশুরা। এরপর উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজীবন সম্মাননা জানানো হয় জাতীয় বিতার্কিক বেসরকারি টেলিভিশন ‘নাগরিক টিভি’র সিইও আব্দুন নূর তুষারকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘চ্যানেল আই’ এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিস সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফবিডি এর চেয়ারম্যান এ কে এম শোয়েব। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনডিএফবিডি’র কো-চেয়ারম্যান এম আলমগীর।
বিতর্ক উত্সবে সারা দেশের ৬৪টি জেলার শ্রেষ্ঠ সরকারি-বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই হাজার মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও ডিবেট ক্লাবের মডারেটররা উপস্থিত ছিলেন।