জন্মের পর প্রথম কয়েক মাসে শিশুরা যে ভাষা শোনে সেই ভাষাটা তাদের মস্তিষ্ক থেকে হারায় না। এমনকি অন্য দেশে চলে গিয়ে জন্ম-ভাষা ভুলে গেলেও তাদের সেটা পুনরুদ্ধার করার ক্ষমতা থাকে। এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
এই গবেষণা চালানো হয়েছে এমন কিছু শিশুর ওপর, যাদের জন্ম দক্ষিণ কোরিয়ায় কিন্তু তারা বেড়ে উঠেছে নেদারল্যান্ডে দত্তক হিসেবে, ডাচ ভাষী দম্পতিদের ঘরে আর তাই বড় হয়ে তারা দক্ষিণ কোরিয়ার ভাষা ভুলে গেছে।
গবেষণা চলাকালে দেখা গেছে, তারা কোরিয়ার ভাষা প্রত্যাশার চেয়েও দ্রুত শিখছে। এই গবেষণার প্রেক্ষাপটে বিজ্ঞানীরা বলছেন, 'শিশুদের জন্মের পর থেকে যত বেশি সম্ভব তাদের সঙ্গে কথা বলতে হবে।' সিউলের হ্যানইয়াং ইউনিভার্সিটির ড. জিউন চোই এই গবেষণাটির নেতৃত্ব দেন।
ড. চোই বলেন, 'এটাই প্রথম গবেষণা, যেখানে দেখানো হল দত্তক নেয়া শিশু অতি শৈশবে শোনা ভাষা ভুলে গেছে বলে মনে করলেও তা দ্রুত পুনরুদ্ধার করতে পারছে।'
কোরিয়ান ভাষার ব্যঞ্জনবর্ণ ডাচ ভাষার থেকে একেবারেই আলাদা। যারা এই গবেষণায় অংশ নেয় তাদের বয়স ত্রিশের কোঠায়। তাদের দুটি দলে ভাগ করা হয়। একদল শৈশবে কোরিয়ান ভাষার সংস্পর্শে এসেছে, আরেক দল কখনো আসেনি। প্রশিক্ষণের আগে দু'দলেরই কোরিয়ান ভাষা সম্পর্কে কোন দক্ষতা ছিল না।
কিন্তু ভাষা প্রশিক্ষণ দেবার পর দেখা যাচ্ছে, যাদেরকে কোরিয়া থেকে দত্তক নেয়া হয়েছিল, তারা কোরিয়ান ভাষা শেখার দক্ষতায় প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। -বাসস।
ইত্তেফাক/এসএস