কাজের বিনিময়ে টাকা কর্মসূচিতে (কাবিটা) এবার তালগাছ রোপণের বিধান করা হয়েছে। কাবিটায় যেসব রাস্তা নির্মাণ হবে সেসব রাস্তার দুই ধারে তালগাছ লাগাতে হবে। এজন্য বরাদ্দকৃত টাকার একটি অংশ গাছ ক্রয় ও রোপণের জন্য ব্যয় করতে হবে। এখন টিআর ও কাবিটার বরাদ্দের একাংশ বিদ্যুতের বিকল্প সোলার প্যানেল নির্মাণে ব্যয় করতে হয়।
জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল ইত্তেফাককে বলেন, বজ্রপাত থেকে জানমাল রক্ষায় বা বজ্রপাত প্রতিরোধের জন্য তালাগাছ লাগানোর বিধান করা হয়েছে। এই অর্থবছরে কাবিটার মোট বরাদ্দ থেকে সারাদেশে ১০ লাখ তালগাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রপাতের ঝুঁকিহ্রাসে তালগাছ রোপণের ওপর গুরুত্ব দেন এবং এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিশেষ করে গ্রামীণ জনপদে আশঙ্কাজনকভাবে বজ্রপাতের হার বেড়ে গেছে। সরকার মনে করছে তালগাছ বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় সক্ষম। এবার অসংখ্য মানুষ বজ্রপাতে প্রাণ হারিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাবিটার বরাদ্দ থেকে তালগাছ রোপণ করতে দরকারি উদ্যোগ নিতে সকল জেলা ত্রাণ কর্মকর্তাকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবছর থেকে বজ্রপাতের ঝুঁকি হ্রাস কল্পে কাবিটা কর্মসূচিতে নির্মিতব্য রাস্তার এক পাশে বা দুই পাশে তালগাছ রোপণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের মতামত নিতে বলা হয়েছে।