দেশবরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদির একুশে পদকের দাবিতে অবশেষে শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। ‘ফরীদি’র জন্য একুশে পদক’ শিরোনামে সম্প্রতি একটি ফেসবুকে ইভেন্ট খুলেছে তার ভক্তরা।
ইভেন্টের মাধ্যমে আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী চলবে এ গণস্বাক্ষর অভিযান। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কার্যক্রম চলবে।
এখানেই শেষ নয়, এরপর ২৬ জানুয়ারি একইভাবে গণস্বাক্ষর সংগ্রহ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে প্রাঙ্গণে। আয়োজকরা ফরীদি ভক্তদের আহ্বান জানিয়েছেন এই স্বাক্ষর কার্যক্রমে অংশ নিতে।
আয়োজনটির অন্যতম উদ্যোক্তা সিকদার লোটাস সবুজ বলেন, এটি আমাদের করার কথা নয়। কাজটি মূলত রাষ্ট্রের। এই মানুষটি কি অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না, এই সম্মান কি তাঁর প্রাপ্য না, রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন।
উল্লেখ্য, অভিনেতা হুমায়ুন ফরীদি মঞ্চ-টেলিভিশন ও চলচ্চিত্র, সব জায়গায় তিন দশক ধরে নিজেকে উজাড় করে দিয়েছেন। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নেন।
ইত্তেফাক/এমএআর