ঢাকা উত্তরের সব ভবনের ত্রুটি খতিয়ে দেখতে রাজউককে মেয়রের নির্দেশ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব ভবনের ত্রুটি ও অবৈধ বাড়তি কাঠামো খতিয়ে দেখতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, যেসব ভবনে বাড়তি অবৈধ স্থাপনা বা ত্রুটি থাকে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রাজউককে নির্দেশ দিয়েছি। উত্তরের সব ভবন আবারও খতিয়ে দেখবে রাজউক। গতকাল শুক্রবার সন্ধ্যায় বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, এফ আর টাওয়ার অনুমোদন ছাড়াই ২২ তলা (বেজমেন্ট ছাড়া) পর্যন্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ভবনটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ, বুয়েটের বিশেষজ্ঞ দলের পরীক্ষার পর সিদ্ধান্ত হবে-ভবনটি কবে, কখন ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।