মালিতে কয়েকটি মিলিশিয়া গ্রুপকে লক্ষ্য করে একটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় অর্ধশত লোক নিহত হয়েছেন। বুধবারে এই হামলার ঘটনা ঘটে।
মিলিশিয়া গ্রুপগুলো দেশটির উত্তরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছিল।
অঞ্চলটির বৃহত্তম নগরী গাওয়ে অবস্থিত একটি ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ক্যাম্পটিতে সাবেক বিদ্রোহী ও সরকার সমর্থক মিলিশিয়ারা বাস করে। এরা সরকারের সঙ্গে ২০১৫ সালে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
মালির প্রেসিডেন্ট ইবরাহীম বৌবাকার কিতা এই হামলার পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
আলজেরিয়ান জিহাদি ও আল-কায়েদার মিত্র মোখতার বেলমোখতার এক বিবৃতিতে এই আত্মঘাতী বোমা হামলা চালানোর দায় স্বীকার করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী আব্দুলাইয়া ইদ্রিসা মাইগা এই হামলার পরপরই গাওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন।
২০১৫ সালের শান্তি চুক্তির অংশ হিসেবে তুয়ারেগ নেতৃত্বাধীন সিএমএ মুভমেন্ট ও সরকার সমর্থক মিলিশিয়া বাহিনীর সদস্যরা একটি যৌথ টহলের প্রস্তুতি নেয়ার সময় হামলাটি চালানো হয়।
ইত্তেফাক/এএসএস