'নতুন প্রজন্মকে বিজ্ঞান নির্ভর করলে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব'

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, 'নতুন প্রজন্মকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর করলে জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হবে।'
 
তিনি বলেন, 'দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে একটি অপশক্তি তরুণ প্রজন্মকে বিপথগামী করতে চাইছে। তরুণ প্রজন্মকে সঠিক পথে আনতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির বিকল্প নেই।'
 
মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমন্ডি ক্যাম্পাসে ৩ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএসআইআরের সদস্য (প্রশাসন) আব্দুল মাবুদ।
 
নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তিতে এগিয়ে আছে। তারা অনেক মেধাসম্পন্ন এ কথা উল্লেখ করে ইয়াফেস ওসমান বলেন, 'দেশের প্রতিদিনের সমস্যা, সংকট ও উত্তরণের উপায় নিয়ে শিক্ষার্থীরা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এ মেলায় তা উপস্থাপন করেছে। এর ধারা অব্যাহত রাখতে এ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও আধুনিক ও তথ্যপ্রযুক্তি নির্ভর হতে হবে।'
 
'অভিভাবক ও শিক্ষকরা যদি নিজেদের যোগ্য করে না তোলে তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মের মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশ দেখছি' বলেও উল্লেখ করেন তিনি।
 
মেলায় ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে আগত স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীসহ স্বশিক্ষিত উদ্ভাবকরা তাদের ১৪৬ টির বেশি প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। এছাড়া বিসিএসআইআরের গবেষণা কর্মকাণ্ড এবং এ প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রক্রিয়া নিয়ে গড়ে ওঠা স্থানীয় শিল্পোদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করা হচ্ছে। মেলায় রাজধানীর স্বনামধন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেলায় অংশ নেয়। মেলা সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। -বাসস।
 
ইত্তেফাক/এসএস