মুলাদীতে ইভটিজারদের বিচার দাবি

মুলাদীতে স্কুলছাত্রের ওপর হামলাকারী ইভটিজারদের বিচারের দাবিতে বুধবার মানববন্ধন করেছে সহপাঠীরা। উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিচর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মুলাদী-মীরগঞ্জ সড়কে শিক্ষার্থীরা মানববন্ধন করে।

ওই বিদ্যালয়ের অফিস সহকারী জালিশ মাহমুদ জানান, গত ১৮ মার্চ সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ে আসে। প্রতিযোগিতা শেষে ছাত্রীরা মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় থেকে বের হলে পৌরসভার মোল্লার বাজার এলাকার জাকির হোসেনের ছেলে বখাটে শাওন অশ্লীল ভাষায় কটুক্তি করে। ওই সময়ে দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র তারিকুল ইসলাম নাসিম সহপাঠিদের ইভটিজিংয়ের প্রতিবাদ করে। এতে শাওন তার সহযোগিদের নিয়ে নাসিমের ওপর হামলা চালিয়ে বেদম মারধর করে বখাটেরা পালিয়ে যায়। ঘটনার দিন সন্ধ্যায় জালিশ মাহমুদ বাদী হয়ে শাওনসহ তিনজনের বিরুদ্ধে মুলাদী থানায় অভিযোগ করেন।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করে বলেন, স্কুলছাত্রের ওপর হামলাকারী ইভটিজারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান জানান, বখাটে শাওনকে গ্রেফতারের চেষ্টা চলছে।