এক প্রতিবন্ধী কিশোরীকে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত নজরুলসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আদালতের অনুমতি নিয়ে মূল অভিযুক্তকে নেয়া হয়েছে ৫ দিনের রিমান্ডে।
ওই প্রতিবন্ধী নারীর জবানবন্দি গ্রহণ করেছে পুলিশ। আদালতের নির্দেশ মোতাবেক দ্রুত আসামি গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছেন কুমিল্লার বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আগামী রবিবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
‘কুমিল্লার বাঙ্গরা: বোনকে ধর্ষণ ভাইকে কোপ থানায় সালিস’ শিরোনামে গত ৭ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে ধর্ষণের প্রতিবাদে কোপানোর ঘটনায় করা অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ এবং আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য বাঙ্গরার ওসিকে নির্দেশ দেয় আদালত। একইসঙ্গে আদেশ বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়। বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, ওই ঘটনায় করা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
এজাহারে থাকা পাঁচ আসামির মধ্যে নজরুলসহ চারজনকে গ্রেফতার এবং ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এসব বক্তব্যে দেখা গেছে ওই কিশোরীকে ধর্ষণ নয়, শ্লীলতাহানি করা হয়েছে।
ইত্তেফাক/এমএইচ