রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বাম সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে গণনার পর গভীর রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম।
নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ভরাডুবি হয়েছে। সমিতির ২১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০ পদেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও বাম সমর্থক আইনজীবীদের প্যানেল। শুধু সদস্যের একটি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। ঘোষিত ফল অনুযায়ী নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট লোকমান আলী ও একরামুল হক।
আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন ও এন্তাজুল হক বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক শিরাজী শওকত সালেহীন এলেন ও সাজেমান আলী; সম্পাদক (হিসাব) আখতারুল আলম বাবু, সম্পাদক (লাইব্রেরি) মোহাম্মদ আলী, সম্পাদক (অডিট) হেলাল আহমেদ, সম্পাদক (প্রেস অ্যান্ড ইনফরমেশন) জালাল উদ্দীন ও সম্পাদক (ম্যাগাজিন অ্যান্ড কালচার) মমতাজ খানম। এছাড়া একই প্যানেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন আসির উদ্দীন, শফিকুল ইসলাম রেন্টু, আহসান হাবিব রঞ্জু প্রমুখ। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের একমাত্র সদস্য প্রার্থী মনোয়ারা বেগম বিজয়ী হয়েছেন।