গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহকে ক্ষমতা হস্তান্তরের জন্য শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেধে দিয়েছে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের সরকার। এই সময়ের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে জাতিসংঘ সমর্থিত আঞ্চলিক বাহিনীর মাধ্যমে তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করা হবে বলেও হুশিয়ারি দিয়েছে তারা।
বৃহস্পতিবার আদামা ব্যারোর নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার কথা থাকলেও জামেহ এ সময়সীমাকে অগ্রাহ্য করেন। এদিকে পশ্চিম আফ্রিকার সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তরে তাকে বাধ্য করতে প্রস্তুত রয়েছে।
প্রেসিডেন্ট জামেহ গত ডিসেম্বরে নির্বাচনে আদামা বারোর কাছে হেরে যান। এরপরও জরুরি অবস্থা জারি করে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন তিনি।
এই সংকট নিরসনে প্রতিবেশী দেশগুলো কয়েক সপ্তাহ ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ ওদ আব্দেল আজিজ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে চূড়ান্ত আলোচনায় অচলাবস্থা নিরসনে ব্যর্থ হন। ব্যারো ও সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যালের সঙ্গে আরো আলোচনার জন্য ডাকার বিমানবন্দরে যাওয়ার আগে জামেহ'র সঙ্গে সাক্ষাত করতে আব্দেল আজিজ বুধবার সন্ধ্যায় গাম্বিয়ার রাজধানী বানজুলে যান।
বৃহস্পতিবার গাম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে প্রতিবেশী সেনেগালে শপথ নিয়েছেন আদামা বারো। এরপরই আদামার সমর্থনে গাম্বিায়ার রাজধানী বানজুলের দিকে অগ্রসর হয় সেনেগালের সেনাবাহিনী এবং জাতিসংঘ সমর্থিত আফ্রিকার আঞ্চলিক সামরিক জোটের সেনারা।
১৯৯৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর থেকে জামেহ দেশটি শাসন করে আসছেন। বুধবার ছিল তার মেয়াদের শেষ দিন। কিন্তু পার্লামেন্টে এ পদে তার মেয়াদ আরো তিন মাসের জন্য বাড়ানো হয়েছে।
ইত্তেফাক/এএম