‘রাজনীতিবিদদের মধ্যে বিভেদের দেয়াল কারো জন্য ভাল নয়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের সামাজিক, রাজনৈতিক সম্পর্কের মধ্যে বিভাজন, বিভেদের ওয়াল উঁচু হচ্ছে। অথচ সম্পর্কের সেতুগুলো উঁচু হচ্ছে না। এটার পরিণতি আমাদের কারো জন্য ভালো না।’ 
 
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে (টিএসসি) জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
ওবায়দুল কাদের বলেন, ‘প্রেসক্লাব, চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে সর্বত্র সংশয়, অবিশ্বাস ও বিভাজনের দেয়াল উঠে গেছে। এর পরিণতি ভালো নয়। এই বিভেদ দূর করতে হবে। মনে রাখতে হবে অন্ধকার দিয়ে অন্ধকার প্রতিহত করা যায় না, অন্ধকার দূর করতে চাই আলো। শান্তি না হোক, মানের মাঝে অন্তত স্বস্তি ফিরে আসুক।
 
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের গ্রামে গ্রামে ইয়াবা পৌঁছে গেছে। এসব সেবনে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক উগ্রবাদের মতো মাদকের বিস্তার ভয়ংকর রূপ ধারণ করছে। তাই রাজনীতিবিদরা শুধু রাজনৈতিক বক্তৃতা করবেন না। মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন গড়ে তুলবেন। নিজ নিজ এলাকাকে মাদক মুক্ত করে তুলবেন। মনে রাখবেন তথাকথিত রাজনীতিকেরা সব সময় পরবর্তী নির্বাচনের কথা ভাবে, আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের কথা ভাবেন।’ 
 
তিনি বলেন, ‘আমাদের অভিন্ন বিপদ হলো সাম্প্রদায়িকতা। আর অভিন্ন শত্রু হলো দারিদ্র্য। এটা প্রতিহত করতে না পারলে আমাদের অবিনাশী চেতনা ব্যাহত হবে।’ 
 
ইত্তেফাক/এমআই