সিরিয়ায় বিমান হামলায় ৪০ বিদ্রোহী নিহত

পালমিরায় ১২ সিরীয়কে হত্যা করেছে আইএস জঙ্গিরা

সিরিয়ায় বিমান হামলায় বিদ্রোহী গোষ্ঠী ফাতেহ আল-শাম ফ্রন্টের ৪০ সদস্য নিহত হয়েছে। এদিকে ঐতিহাসিক নগরী পালমিরায় আইএস জঙ্গিরা ১২ জন সিরীয়কে হত্যা করেছে।
 
সিরিয়ার উত্তরাঞ্চলে বৃহস্পতিবার রাতে বিমান হামলায় ফাতেহ আল-শাম ফ্রন্টের (আল-নুসরা ফ্রন্ট) ৪০ জিহাদি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একটি শিবিরে ওই হামলা এই হতাহতের ঘটনা ঘটে। মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলে ওই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ফাতেহ আল শাম জিহাদিদের ঘাঁটিতে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী এবং সিরীয় সেনা ও তাদের মিত্র রাশিয়া একাধিক হামলা চালিয়েছে। ব্রিটিশভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থাটি বলছে, যুদ্ধবিমানগুলো রুশ বা জোট বাহিনীর হতে পারে।
 
এদিকে সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় নতুন করে আইএস জঙ্গিদের হত্যাকাণ্ড এবং পুরাকীর্তি ধ্বংসের খবর পাওয়া গেছে। সিরিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার আইএস জঙ্গিরা ১২ জনকে হত্যা করেছে। এদের মধ্যে চারজনের শিরশ্ছেদ করা হয়েছে। বাকি আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসওএইচআর বলেছে, নিহতদের মধ্যে চারজন শিক্ষক ও সরকারি কর্মকর্তা, চারজন সরকারি সেনা সদস্য এবং চারজন বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। এদের মধ্যে কয়েকজনকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা জাদুঘর প্রাঙ্গণে নিয়ে হত্যা করা হয়। এর আগে ২০১৫ সালে একই জায়গায় অন্তত ২৫ জন সিরীয় যোদ্ধাকে হত্যা করেছিল আইএস জঙ্গিরা। পরে এ হত্যাকাণ্ডের ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়।
 
দীর্ঘদিন থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ঐতিহাসিক এই নগরীটি আইএস জঙ্গিদের দখলে ছিল। স্থানীয় অসংখ্য পুরাকীর্তি ধ্বংস করেছে তারা। এমনকি রোমান আমলের অ্যাম্ফিথিয়েটারটির অংশবিশেষ ভেঙ্গে ফেলে আইএস জঙ্গিরা। গত মে মাসে রুশ বাহিনীর বিমান হামলার মুখে নগরী ছেড়ে পালিয়ে যায় তারা। কিন্তু পালমিরার দখল ধরে রাখতে ব্যর্থ হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সরকারি বাহিনী। আলেপ্পো পুনরুদ্ধারে সরকারি বাহিনীর অভিযানের সুযোগে পালমিরায় ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আইএস জঙ্গিরা। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ