‘ঢাকা ক্লিন’ সংগঠনের রোড শো : যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান

একটি পরিচ্ছন্ন ঢাকা তৈরির লক্ষে ‘ঢাকা ক্লিন’ এর হয়ে কাজ করছেন একদল স্বপ্নবাজ মানুষ। এই স্বপ্নবাজদের পাশাপাশি সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে তাদের পাড়া-মহল্লা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তবেই নতুন প্রজন্মের হাতে আমরা জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন একটি বাংলাদেশ উপহার দিতে পারবো। একই সঙ্গে বিশ্বের মানচিত্রে পরিচ্ছন্ন দেশ হিসেবে বাংলাদেশকেও পরিচিত করা সম্ভব।
 
শুক্রবার রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারায় আয়োজিত রোড শোতে বক্তারা এসব কথা বলেন। সাধারণ মানুষকে সচেতন করতে ‘পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে’ স্লোগানে এই রোড শোর আয়োজন করে ঢাকা ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সার্ক ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী এই রোড শোতে অংশগ্রহণ করেন। একই সঙ্গে তারা ৫ মিনিট নিজ নিজ স্থান ঝাড়ু দিয়ে প্রতীকী পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন।
 
যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রায় ১৬ কোটি মানুষের দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আবর্জনা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ ডাস্টবিন ব্যবহার করছেন না। তাই তাদের সচেতন করে তুলতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।
 
সংগঠনের প্রধান সমস্বয়ক ফরিদ উদ্দিন মিলন বলেন, সাধারণ মানুষের সম্পৃক্ততায় একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সমগ্র বাংলাদেশের ৪টি বিভাগে ঢাকা ক্লিনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সময়ের সাহসী এই স্বেচ্ছাসেবকরাই অবিরত কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্ন দেশ গড়তে। তারাই আমাদের মূল চালিকা শক্তি। 
 
রোড শোতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক চিত্রশিল্পী মনিরুজ্জামান, ব্যারিস্টার নাসের আলম প্রমুখ। অনুষ্ঠানে পরিচ্ছন্ন বাংলাদেশের দূত হিসেবে পরি ও স্বপ্ন নামের দুটি পাপেট চরিত্র উন্মুক্ত করা হয়। 
 
ইত্তেফাক/এমআই