সাদুল্লাপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণে মানববন্ধন

গাইবান্ধার সাদুল্লাপুরে বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরির সামনের সড়কে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেন উপজেলায় কর্মরত সহকারী শিক্ষকগণ।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাদুল্লাপুর শাখার সভাপতি রেজাউল করিম, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক উম্মে হাবিবা মোছা. লেহিনা আকতার বানু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সাদুল্লাপুর শাখার সভাপতি অলিউর রহমান ফারাজী, সাধারণ সম্পাদক নাজমুল হক মণ্ডল, সহকারী শিক্ষক তানজনা খাতুন, আবুল কাশেম, তৌহিদুর রহমান, শাহাদত্ হোসেন, আল আমিন মিয়া, আতিকুর রহমান, রাহুল সরকার, জান্নাতুল ফেরদাউস প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণের উদ্যোগ গ্রহণ করছেন সরকার। সেই সঙ্গে সংশোধিত বিধিমালায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নামে নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। তার ফলে প্রধান শিক্ষক পাবেন ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পাবেন ১২তম গ্রেডে। কিন্তু প্রাথমিক শিক্ষকের বেতন স্কেলের এই পরিবর্তনে সহকারী শিক্ষকরা হতাশ।

তারা আরো বলেন, আমরা ‘সহকারী প্রধান শিক্ষক’ পদটি চাই না। আমরা প্রধান শিক্ষকের পরের ১১তম গ্রেডে বেতন চাই।

শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রদান করেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সাদুল্লাপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।